ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা
প্রার্থী: N.I Shimul
বিষয়: হিসাববিজ্ঞান।
সময়: আনুমানিক ১২-১৫ মিনিট
বোর্ড: জাহিদুর রশিদ স্যার
চয়েস লিস্ট: এডমিন, পুলিশ, কাস্টমস, ট্যক্স ইত্যাদি (বোথ ক্যাডার)
অনুমতি নিয়ে প্রবেশ করার পর সালাম দিলাম।
চেয়ারম্যান স্যার: বসেন, মাস্ক খুলে টেবিলে রাখেন।
#চেয়ারম্যান_স্যার
#Question_1: আপনি একাউন্টিং থেকে শেষ করেছেন, বলেল, What is the difference between Finance and Accounting?
- Finance is the management of the money and the investment of any entity, whereas, Accounting is the process of recording, maintaining and reporting the financial transactions.
কোনো প্রতিষ্ঠানের অর্থায়ন এবং বিনিয়োগ ব্যবস্থাপনাই হলো ফিন্যান্স। অন্যদিকে, কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করে সিদ্ধান্ত গ্রহণোপযোগী তথ্য সরবরাহের পদ্ধতি হলো হিসাববিজ্ঞান।
#Question_2: What is Forensic Accounting?
- Forensic Accounting refers to the use of accounting, auditing and investigation skills to examine major theft and fraud cases.
বড় ধরণের চুরি এবং প্রতারণামূলক ঘটনার তদন্তে হিসাববিজ্ঞান, অডিটিং এবং ইনভেস্টিগেশন দক্ষতাকে কাজে লাগানোর পদ্ধতিকে ফরেন্সিক একাউন্টিং বলে।
#Question_3: বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, নদী কিভাবে আমাদের সম্পদ হতে পারে?
- নদীকে যদি তার স্বরূপে সংরক্ষণ করা যায়, তাহলে নদী যাতায়াতের ব্যবস্থা, কৃষি, মৎস্য, জেলেদের পেশা এবং সংস্কৃতির পাশাপাশি মানুষের নিত্যদিনের কাজের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদের একটি চমৎকার উৎস উৎস হতে পারে নদী। জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় রাখবে বিরাট ভূমিকা। এভাবে নদী আমাদের সম্পদ হতে পারে।
#Question_4: নদী কিভাবে দূষিত হয়? মনে করেন, আপনি প্রশাসনের একজন মানুষ আপনার পাশে একটা নদী দূষণ হচ্ছে, আপনি কিভাবে তা প্রতিরোধ করবেন?
- নদী বিভিন্নভাবে দূষিত হয়। মূলত নদীতে মানববর্জ্য, গৃহস্থালির বর্জ্য, মেডিকেল বর্জ্য, শিল্প বর্জ্য, কেমিক্যাল ও কীটনাশক ইত্যাদি ফেললে নদী দূষিত হয়।
আর আমি প্রশাসনে গেলে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ স্বেচ্ছাসেবক জনগণকে সাথে নিয়ে নদীদূষণ প্রতিরোধ করবো, নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করবো। নদীর তীর অবৈধ দখলমুক্ত করার চেষ্টা করব। নদীদূষণ প্রতিরোধে নদী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব।
#Question_5: নদীকে কিভাবে সম্পদ হিসেবে কাজে লাগাতে পারবেন?
- নদী দূষণ, নদী দখল ও নদী ভরাট বন্ধ করে এবং প্রয়োজনীয় খনন কাজ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে নদীকে তার স্বরূপে ফিরাতে পারলে নদীকে সম্পদ হিসেবে আমাদের কাজে লাগানো যাবে।
#Question_6: আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠান আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে কি পার্থক্য আছে?
- সংবিধানে বর্ণিত সরকারের বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সংবিধানের বিধান অনুযায়ী গঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানই সাংবিধানিক প্রতিষ্ঠান। যেমন, জাতীয় সংসদ, সরকারি কর্ম কমিশন ইত্যাদি।
অন্যদিকে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বা বিধিবদ্ধ সংস্থা হলো রাষ্ট্র কর্তৃক অনুমোদিত সংস্থা, যা একক সত্তা হিসাবে কাজ করে আইনিগতভাবে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে সাধন করে।
#এক্সটার্নাল_১
#Question_1: আপনি তো হাজী দানেশ থেকে পড়েছেন, হাজী দানেশ কেন বিখ্যাত ছিলেন?
- দিনাজপুর থেকে শুরু হওয়া, বিরাট গণআন্দোলনের রূপ নিয়ে গোটা ভারতবর্ষ কাঁপিয়ে দেওয়া তেভাগা আন্দোলনের নেতৃত্বদান এবং নিজের দানশীলতার জন্য হাজী মোহাম্মদ দানেশ বিখ্যাত।
#Question_2: তেভাগা আন্দোলন আগে না যুক্তফ্রন্ট আগে?
- তেভাগা আন্দোলন ১৯৪৬ সালের ডিসেম্বরে শুরু হয়ে ১৯৪৭ সাল পর্যন্ত চলে। অন্যদিকে, যুক্তফ্রন্ট গঠিত হয়
December 4, 1953 সালে শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মাধ্যমে।
#Question_3: কত সালে তেভাগা আন্দোলন হয়? কোন কোন অঞ্চলে এই আন্দোলন হয়?
- ১৯৪৬ সালের ডিসেম্বর থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তেভাগা আন্দোলন হয়। দিনাজপুর জেলার আটওয়ারী থানার অন্তর্গত রামপুর গ্রামে কৃষক-পুলিশ সংঘর্ষের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। উল্লেখ্য , আটওয়ারী থানা বর্তমানে পঞ্চগড় জেলার অন্তর্গত।
#Question_4: তেভাগা আন্দোলন কেন করা হয়? তিন ভাগের দুভাগ কেন চাষী পাবে?
- মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুইভাগ পাবে চাষী, এক ভাগ জমির মালিক - এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত। আগে বর্গাপ্রথায় জমির সমস্ত ফসল মালিকের গোলায় উঠত এবং ভূমিহীন কৃষক বা ভাগ-চাষী পেত অর্ধেক বা আরও কম। যদিও ফসল ফলানোর জন্য বীজ ও শ্রম দু'টোই কৃষক দিত।
যেহেতু ফসল ফলানোর জন্য বীজসহ অন্যান্য খরচ এবং শ্রম দুটোই কৃষক দিত, সেহেতু কৃষক দুই ভাগ পাবে।
#Question_5: রাষ্ট্রপতির কিভাবে নিয়োগ হয়? সিলেকশন, ইলেকশন না অন্য কোনোভাবে?
- ইলেকশন, বর্তমানে সংসদ সদস্যদের দ্বারা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
#Question_6: সংবিধানের কত অনুচ্ছেদে রাষ্ট্রপতির নিয়োগের কথা বলা হয়েছে?
- সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদে।
#Question_7: নয়া চীন ভ্রমণ পড়েছেন? এটি পড়ে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে?
- জ্বী, পড়েছি। এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত চীন ভ্রমণের ভ্রমনকাহিনি। বঙ্গবন্ধু এটি লিখেন ১৯৫৪ সালে কারাগারে রাজবন্দী থাকাকালে। শিল্পিত মন ও সূক্ষ্ম পর্যবেক্ষণে সদ্য বিপ্লবোত্তর গণচীনের শাসনব্যবস্থা ও জীবনচিত্র তুলে ধরেছেন প্রাঞ্জল ভাষায়। এ গ্রন্থে বঙ্গবন্ধুর সাম্রাজ্যবিরোধী মনোভাব, অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার গভীর পরিচয় মেলে।
"আমি লেখক নই, আমার ভাষা নাই, তাই সৌন্দর্যটা অনুভব করতে পারছি, কিন্তু গোছাইয়া লেখতে পারি না। পাঠকবৃন্দ আমায় ক্ষমা করবেন।" নয়াচীনে বঙ্গবন্ধুর এই সরল উক্তি আমার ভীষণ ভালো লেগেছে।
#এক্সটার্নাল_২
#Question_1: দেশের সর্বোচ্চ আইন কোনটা?
- সংবিধান।
#Question_2: সংবিধান প্রণয়নের ইতিহাস একটু বলবেন?
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই বছরের ১৭ই এপ্রিল থেকে ৩রা অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহবান করা হয়। সংগৃহীত মতামত থেকে ৯৮টি সুপারিশ গ্রহণ করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন,
"এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।"
#Question_3: শেখ মুজিবুর রহমানন কেন প্রথমেই সংবিধান রচনা করার জন্য বললেন? পাকিস্তান শাসনের সাথে তুলনা করে বলবেন?
- শেখ মুজিবুর রহমান প্রথমেই (মাত্র আট মাসের মধ্যেই ১৯৭২ সালে) দেশের আইনশৃঙ্খলার সংস্কার ও জনগণের জীবনযাত্রাকে স্থবিরতা থেকে মুক্ত করে সচল করার লক্ষ্যে সংবিধান রচনা করেন। সবার নিকট গ্রহণযোগ্য একটি চমৎকার সংবিধান। একটা নতুন দেশে এত দ্রুত সংবিধান দেওয়া একটি বিস্ময়কর ঘটনা। যেটা বঙ্গবন্ধুর মতো দৃঢ়চেতা ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব হয়েছিল।
অন্যদিকে, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির ৯ বছর পর সংবিধান রচিত হলেও এই সংবিধানের সার্বজনীন গ্রহণযোগ্যতা ছিল না। পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ বাঙালি জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাছাড়া সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিকীকরণের সূচনাও হয় এই সংবিধানের মাধ্যমে।
#Question_4: সুনীল অর্থনীতি কী? সুনীল অর্থনীতি কাজে লাগাতে আপনি কোন কাজটি আগে করবেন?
- সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি হচ্ছে সমুদ্রতলের সম্পদনির্ভর অর্থনীতি। সমুদ্রের বিশাল জলরাশি ও তার তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি।
সুনীল অর্থনীতি কাজে লাগাতে আমার মনে হয় প্রথমে বিশেষজ্ঞগণের সহায়তা নিয়ে একটি time bound comprehensive action plan করা উচিত। সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্ধারিত টার্গেট বাস্তবায়ন করতে হবে।
#Question_5: ডেল্টা কী? ডেল্টা নিয়ে আমাদের সরকারের কোনো প্লান আছে কি?
- ডেল্টা একটি প্রাকৃতিক ভূমি, যা নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি অথবা নদীবাহিত মাটির সৃষ্ট দ্বীপ। একটি নদী বয়ে গিয়ে যখন কোনো জলাধার, হ্রদ, সাগর কিংবা মহাসাগরে পরে তখন নদীমুখে বদ্বীপ তৈরী হয়। এটাই বদ্বীপ।
ডেল্টা নিয়ে আমাদের সরকারের প্লান হলো delta plan 2100.
ডেল্টা প্ল্যান-২১০০ হলো ২০১৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বর্ধিত জলবায়ু স্থিতিস্থাপকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে।
নোট: চয়েস থেকে কোনো প্রশ্ন করেননি। ভেবেছিলাম শিক্ষা ক্যাডারে আছি হয়তো অনেক পেইন দিবে। কিন্তু বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিল।
সবার জন্য শুভকামনা।
-মোঃ নজরুল ইসলাম শিমুল
প্রভাষক (হিসাববিজ্ঞান)
৪০ তম বিসিএস।
Comments
Post a Comment